সুনামগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৮:১০
 
 
সুনামগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মমিন (৩৪) জেলার ছাতক উপজেলরা ছনুয়া গ্রামের মৃত ইছরব আলীর ছেলে। তবে আসামি বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ১৮ আগস্ট ছাতকের ছনুয়া গ্রামের ইছরব আলীর ছেলে আব্দুল মমিন পারিবারিক কলহের জের ধরে তার পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের অপর ছেলে আব্দুল করিম বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করে।
বুধবার মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত ইছরব আলী (৬৫) হত্যার দায়ে আব্দুল মমিনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন এপিপি ছইল মিয়া, বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এমএ আশরাফ।