বালোতেল্লির গোলে জয় পেল লিভারপুল

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৯:২১
 
প্রিমিয়ার লিগ কাপে মঙ্গলবার সোয়ানসি সিটিকে ২-১ গোলে পরাজিত করেছে লিভারপুল। এনফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়ার পরও দলীয় জয়ে বড় ভূমিকা রেখেছেন ‘ব্যাড বয়’ খ্যাত মারিও বালোতেল্লি। তার করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ের ফলে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছে লন্ডনের দলটি। এটি ছিল লিভারপুলের হয়ে বালোতেল্লির দ্বিতীয় গোল। ইংলিশ ক্লাবে যোগ দেয়ার পর নিজের ১২তম ম্যাচ থেকে এই গোলটি আদায় করেছেন ইতালীয় ওই আন্তর্জাতিক তারকা। 
দল বদলের সময় এসি মিলান থেকে ২৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগদানের পর থেকেই গোল খরায় ভুগছেন বালোতেল্লি। যে কারণে মঙ্গলবার তিনি মূল একাদশের বাইরেই ছিলেন। খেলা শেষ হবার মাত্র ১১ মিনিট আগে সাইডবেঞ্চ থেকে মাঠে নামেন তিনি। এতেই সফল হন বালেতোল্লি। 
কোচ ব্রেনডন রজার্স যখন বালোতেল্লিকে মাঠে পাঠাচ্ছিরলেন তখন ০-১ গোলে পিছিয়ে ছিল রেডসরা। ৬৫তম মিনিটে সোয়ানসির হয়ে মারভিন ইমেন্স-এর গোলে পিছিয়ে পড়েছিল তারা। কিন্তু ম্যাচ শেষ হবার মাত্র চার মিনিট আগে বালোতেল্লি গোল করে ম্যাচে সমতা আনেন (১-১)। আর অতিরিক্ত সময়ে ডেজান লভরেন গোল করে জায় পাইয়ে দেন স্বাগতিকদের। এর আগে অবশ্য ফিলিপ কোটিনহোকে বিপজ্জনকভাবে আঘাত করায় লাল কার্ড নিয়ে মাঠে ছাড়েন সোয়ানসি সিটির খেলোয়াড় ফেড্রিকো ফার্নান্দেজ। রেফারির বিতর্কিত ওই সিদ্ধান্তে ১০ জনের দলে পরিণত হয় সফরকারী দলটি।
ম্যাচ জয়ের পর বালোতেল্লি তার পরিবারের উদ্দেশ্যে শুধু একটি শব্দই টুইট করেছেন, সেটি হচ্ছে ‘ফাইনালি’ (শেষ পর্যন্ত)। খেলা শেষে লিভারপুলের সহকারী কোচ কোলিন পাসকো বলেন, অনুশীলনে সে (বালোতেল্লি) কঠোর পরিশ্রম করেছে। এই গোলটির মাধ্যমে সে এর প্রতিদান পেয়েছে।’ 
এদিকে সোয়ানসির কোচ গেরি মনক আশা প্রকাশ করে বলেছেন যে, রেফারী কেইথ স্ট্রউড হয়তো তার ওই লাল কার্ড প্রদর্শনের ভুল বুঝতে পারবেন। তিনি বলেন, ‘তিনি কিভাবে লাল কার্ড দেখালেন? তবে কেইথ একজন ভাল রেফারি। আশাকরি তিনি তার বিবেক দিয়ে বিষয়টি অনুধাবন করতে পারবেন এবং বিষয়টি নিয়ে অনুশুচনা করবেন।’
এদিকে চতুর্থ বিভাগের দল শ্রেসবারির কাছে লজ্জাস্কর হারের মুখ থেকে কোন রকমে রক্ষা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান শীর্ষ পয়েন্টধারী চেলসি। তারা ২-১ গোলে কস্টার্র্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচের প্রায় অর্ধেক সময় ঠেকিয়ে রেখেছিল চেলসিকে। শেষ পর্যন্ত দিদিয়ের দ্রগবার ৪৮তম মিনিটের গোলে এগিয়ে যেতে সক্ষম হয় চেলসি। কিন্তু ৭৭তম মিনিটে বদলী খেলোয়াড় এন্ডি মানজানের গোলে ফের সমতায় ফিরে আসে শ্রেসবারি। 
ম্যাচ শেষ হবার মাত্র নয় মিনিট আগে জার্মেইন গ্রান্ডিসনের আত্মঘাতি গোলে ভেঙ্গে যায় শ্রেসবারির হৃদয়। ফলে ২-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে তারা।  এএফপি