৫৭৭ সিএনজি স্টেশনের ২৯৩ টিরই লাইসেন্স নেই

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ২২:০০
 
দেশের মোট ৫৫৭টি রুপান্তরিক প্রাকৃতিক গ্যাস (সিএনজি) স্টেশনের মধ্যে ২৯৩টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স না নিয়েই কার্যক্রম পরিচালনা করছে।
এনিয়ে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয় এবং বিইআরসি’র আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত লাইসেন্স ফি নির্ধারণের মাধ্যমে এসব স্টেশনকে লাইসেন্সের আওতায় আনার সুপারিশ করা হয়।
বৈঠকে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের কার্যক্রম ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। জরিপ কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সুপারিশ করেছে কমিটি। এছাড়া বিদ্যুত্ সাশ্রয়ে ঢাকাসহ সারাদেশে পর্যায়ক্রমে এলইডি লাইটের ব্যবহার চালুর লক্ষ্যে বিজ্ঞাপন  প্রচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরামর্শ দেয়া হয়েছে। 
কমিটি সভাপতি তাজুল ইসলামের  সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিদ্যুত্ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এবিএম রুহুল আমিন হাওলাদার, আতিউর রহমান আতিক, আবু জাহির, এম. আবদুল লতিফ, শিবলী সাদিক ও বেগম নাসিমা ফেরদৌসী  অংশ নেন।