মির্জাপুরে বাসায় ঢুকে গৃহবধূকে খুন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ০০:২৪

মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি টিএনটি রোডের একটি ফ্ল্যাট বাসায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রুবি আক্তার(৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ বলছে, প্রথম স্বামী ছেড়ে দেবরের সঙ্গে দ্বিতীয় বিয়ে এবং টাকা-পয়সার লেনদেন নিয়েই এই খুনের ঘটনা ঘটেছে। তার স্বামীর নাম বাবুল আহমেদ, বাড়ি একই উপজেলার ভাদগ্রামে। পুলিশ বলছে, তাকে গলাটিপে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

রুবি আক্তারের মেয়ে মনি আক্তার (২২) জানান, গত জুন মাস থেকে তারা ঐ বাসায় ভাড়া থাকছেন। মঙ্গলবার রাতে তার মা রাতের খাবার খেয়ে পাশের কক্ষে ঘুমাতে যান। দুই সন্তান নিদুয়া (৪) ও ইমনকে(১১) নিয়ে পাশের রুমেই ছিলেন মনি। গভীর রাতে বাসার গেটের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা বাসায় ঢুকে ঐ কক্ষে তার মাকে খুন করে পালিয়ে যায়। সকালে মায়ের ঘরে গিয়ে তার মৃতদেহ দেখতে পান তিনি। তবে ঠিক কী কারণে, কে বা কারা তার মাকে হত্যা করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথম স্বামী ছেড়ে দেবরের সঙ্গে বিয়ে এবং টাকা-পয়সার লেনদেন নিয়ে এই খুনের ঘটনা ঘটতে পারে। হত্যাকারীরা পূর্ব পরিচিত এবং কৌশলে রুমে প্রবেশ করে রাত্রি যাপন করেছে। ঐ কক্ষে সিগারেটের অবশিষ্ট অংশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মনি আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।