জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী আঞ্চলিক প্রধান আতাউর রহমানসহ ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, নগরীর তেরখাদিয়ার বাসা থেকে আতাউর রহমানকে এবং ঐ এলাকা থেকে আরো পাঁচজনকে আটক করা হয়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আরো ২০ নেতাকর্মীকে আটক করা হয়।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মাহবুবুর রহমান জানান, জামায়াত নেতা আতাউর রহমানের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে হরতালে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা ও উস্কানির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, গত বছর ঢাকার কল্যাণপুরে বোমা ও বিপুল পরিমাণ বইপত্রসহ র্যাবের আটকের মামলায় তিনি জামিনে ছিলেন।
এদিকে হরতালের সমর্থনে ভোরে নগরীর হাদির মোড়স্থ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। অন্যদিকে ভোরে কাটাখালি পৌর এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হরতালকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বড় দোকানপাট ও ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নগরীর অন্যান্য কার্যক্রম প্রায় স্বাভাবিক রয়েছে। নগরীতে বিজিবি ও পুলিশ টহল দিচ্ছে।
