ফরিদপুর জেলা শহরের গোলাচামট এলাকার হামেদ মল্লিকের বাড়ি থেকে সজল নামে এক হোটেল কর্মচারীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গোয়ালচামট এলাকার একটি হোটেলে কাজ শেষে বুধবার রাত ১২টার দিকে বাড়িতে আসেন। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায়, তার ছোট বোন দরজায় এসে ডাকাডাকি করেন। পরে কোন উত্তর না পেয়ে জানালা দিয়ে ডাকতে থাকেন। অনেক ধাক্কাধাক্কি করার এক পর্যায়ে জানালার পাল্লা খুলে যায়। এসময় তার বোন খাটের উপর হাত-পা বাঁধা অবস্থায় ভাইয়ের মৃতদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। তবে এ হত্যাকাণ্ডের কোন কারণ এখনো জানা যায় নি। এ ব্যাপারে কোতয়ালী থানায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
