সাসপেনশন কাটিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে রবিবাবের ম্যানচেস্টার ডার্বিতে দলের অধিনায়ক ওয়েইন রুনিকে স্বাগত জানানোর অপেক্ষায় আছে এখন ম্যানচেস্টার ইউনাইটেড। আশা করা হচ্ছে এই ম্যাচেও তারকা এই স্ট্রাইকার নিজের গোলের রেকর্ডকে আরো সমৃদ্ধ করবেন।
গত মাসে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচ মাঠে বাইরে ছিলেন রুনি। অনুশীলনে পায়ে হালকা আঘাত পেলেও ধারণা করা হচ্ছে তার থেকে সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন। ইউনাইটেডের হয়ে ম্যানচেস্টার ডার্বিতে তার গোলসংখ্যা ২২ ম্যাচে ১১ যা সর্বকালের সেরা রেকর্ড।
ডেভিড ময়েসের অধীনে গত মৌসুমে ভয়ানক পারফরমেন্সের পরে ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা এবারের মৌসুমেও ঘরের বাইরে নিজেদের এখনো ফিরে পায়নি। এবারের লিগেও ছয়টি ম্যাচে কোন জয় না পাওয়ায় বর্তমানে টেবিলের আট নম্বর স্থানে রয়েছে। গত ১৮ বছরে এটা তাদের সবচেয়ে বাজে রেকর্ড। ভ্যান গাল এবং তার নতুন দলের অনেকেরই ম্যানচেস্টার ডার্বির অভিজ্ঞতা এবারই প্রথম। কিন্তু সাউদাম্পটন থেকে এবারের গ্রীষ্ম ট্রান্সফারে ইউনাইটেডে আসা লুক শ ঠিকই ম্যাচের আবহ বেশ ভালই অনুধাবন করতে পারছেন। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার বলেছেন, এটা অবশ্য বুঝতে পারছি এই ম্যাচ ভক্ত এবং ক্লাবের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়না এ সম্পর্কে আমার নতুন করে কিছু বলার আছে। সকলেই এ সম্পর্কে জানে। এখানে যারাই জড়িত তাদের কাছে এটি একটি বিরাট আনুষ্ঠানিকতা। রোববার পারফরমেন্স দিয়েই আমাদের এর আবহ প্রমান করতে হবে।
হোসে মরিনহোর চেলসির থেকে ১০ পয়েন্ট পিছনে থেকে ইউনাইটেড ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে।
অন্যদিকে গত সপ্তাহে ইন-ফর্ম ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-১ গোল পরাজিত হয়ে সিটি ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। যদিও ম্যানেজার ম্যানুয়েল পেলেগ্রিনি চ্যাম্পিয়নদের ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন। তিনি বলেছেন গত বছরও লীগে এই সময়ে সিটির অবস্থান এরকমই ছিল। রুনির ফিরে আসা নিয়েও তিনি মোটেই বিচলিত নন।
পেলেগ্রিনি বলেছেন, আমি মনে করি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য রুনি খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমি বিশ্বাস করি বড় দল কখনই কোন একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়।
