জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন পূর্ব জেরুজালেমে আরো ইহুদি বসতি স্থাপনের ইসরাইলি সিদ্ধান্ত সে অঞ্চলে সন্ত্রাসবাদকে আরো উস্কে দেবে এবং এর ফলে ভবিষ্যত্ ফিলিস্তিন রাষ্ট্র হুমকির মুখে পড়বে। পূর্ব জেরুজালেমে নতুন করে বসতি নির্মাণে ইসরাইলের পরিকল্পনার সমালোচনা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর আল-জাজিরার।
জাতিসংঘের রাজনীতি-বিষয়ক প্রধান জেফরি ফেল্টম্যান স্থানীয় সময় বুধবার ইসরাইলকে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান। এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টিতে বিরূপ প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ফিলিস্তিনের পক্ষে জর্ডানের আহ্বান করা সভায় ফেল্টম্যান এ কথা বলেন।
সম্প্র্রতি ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে নতুন করে ১০০০টি বাড়ি নির্মাণের ঘোষণা দেয় ইসরাইল। এরপর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন— রামাল্লাতে স্লমো এলাকায় ৬০০টি ও হারহোমা এলাকায় ৪০০টি বাড়ি নির্মাণ করা হবে। এর পরই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা ইসরাইলের এ পরিকল্পনার সমালোচনা করে।
