কুমিল্লার তিতাসে মাত্র ৫০ টাকার জন্য কানন বালা (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে উপজেলার ভাটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে তিতাস থানা পুলিশ। নিহত কানন বালা উপজেলার ভাটিপাড়া গ্রামের জগদীশ চন্দ্র দাসের স্ত্রী। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে কানন বালার স্বামী জগদীশ চন্দ্র দাস মাছ ধরে এনে একই গ্রামের প্রবাসী শেখ ফরিদের স্ত্রী জেসমিন আক্তারের (২৫) নিকট বিক্রি করেন। পরে জগদীশের স্ত্রী কানন বালা টাকা চাইতে গেলে জেসমিন তাকে পরে আসতে বলে। তখন কানন বালা জেসমিনকে উদ্দেশ্য করে গালাগাল দিতে থাকে। এতে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে জেসমিন আক্তার ও তার পরিবারের লোকজন কানন বালাকে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ জেসমিন আক্তারের পিতা ভাটিপাড়া গ্রামের বারেক মিয়া (৫৫), বারেক মিয়ার স্ত্রী, মেয়ে শাহিনুর আক্তার ও বারেক মিয়ার ভাতিজা সোহেলকে আটক করে। অভিযুক্ত জেসমিন পালিয়ে গেছে।
তিতাস থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং পলাতক জেসমিনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
