বৃহস্পতিবার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফয়জুল কবির ওরফে মানিক মাস্টার (৩৮) নামে লক্ষ্মীপুরের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফয়জুল কবিরের বাড়ি সদর উপজেলার হামছাদী গ্রামে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান গতকাল এই কারাদণ্ড দেন।
স্থানীয় সূত্র জানায়, ফয়জুল কবির দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর শহরে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। গতকাল সকালে তিনি দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে চকলেটের প্রলোভন দিয়ে স্কুল মাঠ থেকে বাসায় নিয়ে যান। পরে তিনি ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে এলাকাবাসী টের পেয়ে তাঁকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ফয়জুলের বিরুদ্ধে এর আগেও এ ধরনের বেশ কিছু অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।
