রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ২

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ১৪:২০
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলো, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফ্ফরপুর গ্রামের শাহজাহান আলী পুত্র ট্রাক চালক ফারুক হোসেন , উপজেলার ব্র‏হ্মগাছা ইউনিয়নের হামিন-দামিন গ্রামের শহিদুল ইসলামের মেয়ে স্কুল ছাত্রী লিমা খাতুন।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, ইটবাহী একটি ট্রাক রায়গঞ্জ থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যাচ্ছিল। এ সময় ইটবাহী ট্রাকটি ভূইয়াগাতি উপজেলাধীন  ঢাকা-বগুড়া মহাসড়কের উপর পার্ক করে রাখা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ইটবাহী ট্রাকের চালক ফারুক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ট্রাকের হেলপার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।  
অপরদিকে শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের চান্দাইকোনা জবা আটো রাইচ মিলের সামনে স্কুল ছাত্রী লিমা খাতুন রাস্তা পারাপারের সময় বাসের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। 
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় কবলিত তিনটি গাড়ী আটক করেছে। এ ব্যাপারে হাইওয়ে থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ইমদাদুল হক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।