প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেলের বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার ও গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে নগরীর পৃথক দুইটি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকা থেকে শেখ জহুরুল হকের ছেলে শহীদুল ইসলাম লিটুকে (৩৫) ২ রাউন্ড গুলি ও ৭ দশমিক ৬৫ বোরের একটি বিদেশি পিস্তলসহ এবং ফারাজীপাড়া লেনের বাসা থেকে শাহাজাহান কবির মিঠুকে (৩৮) গ্রেফতার করা হয়। এদিকে পুলিশ নিজেরা অস্ত্র রেখে লিটুকে মিথ্যা ও সাজানো অভিযোগে গ্রেফতার করেছে বলে তার পরিবার দাবি করেছে। খুলনা মেট্রোপলিন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু শুক্রবার দুপুরে কেএমপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর চাচাতো ভাইয়ের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে শহীদুল ইসলাম লিটুকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। শেখ সোহেলের বাড়িতে গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্রের সাথে উদ্ধার হওয়া পিস্তলের সাদৃশ্য রয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় শাহজাহান কবির মিঠু ও শহীদুল ইসলামকে লিটুকে গ্রেফতার দেখানো হয়েছে। লিটুর বিরুদ্ধে খুলনা সদর ও হরিণটানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। এর আগে শাহজাহান কবির মিঠুকে গ্রেপ্তার করা হয়।’
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান বলেন, গুলিবর্ষণের ঘটনায় শেখ সোহেলের খালাতো ভাই তানভীর হাশেম সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে গ্রেফতারকৃত শহীদুল ইসলাম লিটুর স্ত্রী রোকেয়া সুলতানা রুমি ও বোন আসমা খাতুন পলি অভিযোগ করে বলেন, গত তিনদিন ধরে লিটু অসুস্থ। তিনি বালুর ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। অথচ পুলিশ নিজেরা ঘরের মধ্যে অস্ত্র রেখে তাকে (লিটু) ঘুম থেকে তুলে গ্রেফতার করেছে।
লিটুর স্ত্রী বলেন, ‘সে আওয়ামী লীগের সদস্য। ২০১১ সালের ১ ডিসেম্বর সংগ্রহ করা দলের সদস্য নম্বর ২৭৯০০৪৯৭। আর আওয়ামী লীগ করে কেন আমার স্বামী প্রধানমন্ত্রীর চাচাতো ভাইয়ের বাড়িতে গুলি করবে? আর সে তো তিনদিন ধরে অসুস্থ; কেন তাকে এ ঘটনায় দায়ী করা হচ্ছে। আওয়ামী লীগ করাই কি আমাদের অপরাধ?’
অবশ্য লিটুর পরিবারের অভিযোগ অস্বীকার করে কেএমপির মুখপাত্র বলেন, ‘এটা অপরাধীদের অপরাধ ঢাকার কৌশল। তদন্ত করলেই বিষয়টি পরিস্কার হবে।’
প্রসঙ্গত: গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বিসিবি’র পরিচালক শেখ সোহেলের ময়লাপোতা মোড় সংলগ্ন শেরে বাংলা রোডের বাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি গুলিবর্ষণ করে।
