যশোরের কেশবপুরে গণপিটুনিতে আল আমিন (২৩) নামের এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে কেশবপুর উপজেলার আলতাপোল তালতলা এলাকায় সংগ্রাম পরিবহনের একটি বাসে ডাকাতিকালে সে গণপিটুনির শিকার হয়। শুক্রবার বিকেল ৫টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আল আমিন কেশবপুরের বেতখালি গ্রামের আব্দুল কাদের খাঁ’র ছেলে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে আলতাপোল তালতলা মোড়ে আল আমিনসহ কয়েকজন ডাকাত সংগ্রাম পরিবহনের একটি বাসের গতিরোধ করে। এ সময় বাসের যাত্রীরা চিত্কার দিলে এলাকাবাসী এগিয়ে আসে। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আল আমিন ধরা পড়ে। স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
