ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন না হলে সর্বাত্মক আন্দোলন

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ০০:২১

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ নীতি বিলুপ্ত করে সরকার মুসলমানের ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম ধৃষ্টতা দেখিয়েছে। আবদুল লতিফ সিদ্দিকীসহ ধর্মবিদ্বেষীদের আস্ফাালন বেড়েছে সরকারের এ ধর্মনিরপেক্ষ নীতির কারণেই। তিনি সতর্ক করে দেন, অবিলম্বে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ নীতি বিলুপ্ত করে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা না হলে এবং ধর্মবিদ্বেষীদের মৃত্যুদণ্ডের আইন পাস করা না হলে সর্বাত্মক গণ-আন্দোলনের ডাক দেওয়া হবে।

গতকাল শুক্রবার নগরীর আগ্রাবাদ জাম্বুরী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি জান্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমীর চরমোনাইয়ের পীরে কামেল হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ফিলিস্তিন ও আরাকানসহ সারা বিশ্বের নানা প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চলছে।

সমাবেশে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, সাংবিধানিকভাবে সুপ্রতিষ্ঠিত ও রাজনীতিকভাবে মীমাংসিত ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা’ বাতিল করে আওয়ামী লীগ তাদের বাকশালী, একদলীয় চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।