ছাতকে স্বামী-স্ত্রী, পুত্র-কন্যাসহ একই পরিবারের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মনোয়ারা বিবি নামে এক মহিলার দায়ের করা চাঁদাবাজি মামলায় শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামে। গ্রেফতারকৃতরা হলেন গ্রামের মৃত মনা উল্লাহর পুত্র ঈমান আলী, তার স্ত্রী মেহেরুন বেগম, পুত্র আলী হোসেন, আক্তার হোসেন, বিল্লাল হোসেন ও একমাত্র কন্যা পপি বেগম। গতকাল শনিবার সকালে তাদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত আরব আলীর স্ত্রী মনোয়ারা বিবির বাড়িতে কেয়ারটেকার হিসেবে ঈমান আলী তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। সম্প্রতি ঈমান আলীকে তার পরিবার নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন মনোয়ারা বেগম। বাড়ি ছেড়ে যেতে অপারগতা দেখিয়ে ঈমান আলী ৩ লাখ টাকা চাঁদা ও বাড়ির পাশের জমি দাবি করলে মনোয়ারা বেগম ঈমান আলী ও তার স্ত্রী, পুত্র-কন্যাসহ পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় ছাতক থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন মনোয়ারা বিবি। কন্যাসহ পরিবারের সকলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের ও গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি সূত্র জানায়, বাড়ির মালিকানা নিয়ে পক্ষে-বিপক্ষে মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
