ভাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনের জেল

আপডেট : ০২ নভেম্বর ২০১৪, ০১:৩০

উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি কাজী জাফরউল্লাহর সমর্থক ও বর্তমান এমপি মো. মুজিবর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বড় ধরনের সংঘর্ষ এড়াতে শুক্রবার রাতে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এনে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন এদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠান। কারাদণ্ডপ্রাপ্তরা হলো- ছলেমান মোল্লা (৬৫), মো. মহিউদ্দিন খালসী (৭৫), নাছির উদ্দিন (৩০), জব্বার মাতুব্বর (৬৫), সিদ্দিক হাওলাদার (৬০), ছাইফুল হাওলাদার (২০), এয়ার হোসেন (১৮), খলিল শেখ (২২), সিরাজ শেখ (৪০), জিয়ার শেখ (২৫), দেলোয়ার মোল্লা (৪৬), সিদ্দিক শেখ (৬০), শাহআলম মল্লিক (৪০) ও বিপ্লব হোসেন (৪০)।

এলাকাবাসী জানায়, হবি মাতুব্বরের বাড়িতে এক অনুষ্ঠানে নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্লাহ সমর্থকদের দাওয়াত করা হয়। খাওয়ার অনুষ্ঠানে ইসমাইল ও বুলু বেগমের মধ্যে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। সে সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, হাজরাকান্দা ও রাজেশ্বরদী গ্রামের মধ্যে দীর্ঘদিন যাবত্ জুলহাস মাতুব্বর ও জাকির চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। সামান্য বিষয় নিয়ে বড় এই দল দুইটি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে তারপরেও বড় ধরনের কোন সংঘাত এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।