সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে বিনা পাসপোর্টে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । আটক সিরাজুল ইসলাম (২৫) ভারতের দিল্লীর শামছেরাবাদ এলাকার নাসির উদ্দীনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে দেবহাটার টাউনশ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিনা পাসপোর্টে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক সিরাজুলকে আটক করে । পরে রবিবার সকালে দেবহাটা থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দিয়ে তাকে হস্তান্তর করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজুল ঠিকমত কথা বলতে না পারার ভান করেন এবং কাগজে হিন্দিতে তার নাম ঠিকানা লিখে দেন। তিনি আরো জানান, তার আচরন সন্দেহজনক। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।
