পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা হরতালের ২য় দফার প্রথম দিন রবিবার বগুড়ায় হরতাল পালিত হচ্ছে।
এসময় হরতালকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। সেইসাথে পিকেটিং করার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা এই হরতাল পালিত হচ্ছে।
রবিবার সকালে বগুড়ার প্রথম বাইপাস সড়কের তিনমাথা রেলগেট এলাকায় হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় পুলিশ সেখানে পৌঁছলে হরতাল সমর্থকরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ৩/৪ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ হরতালকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এছাড়াও দ্বিতীয় বাইপাস সড়কে সাবগ্রাম এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ মিছিল করে হরতাল সমর্থকরা । মিছিল শেষে তারা রংপুর-বগুড়া-ঢাকা মহাসড়কের উপর টায়ারে আগুন দেয়।
শহরে নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ র্যাবের পাশাপাশি বিজিবি টহল চলছে।
