প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা প্রধানশিক্ষকের‍

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১২:২৫

গতকাল রবিবার প্রথম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের পশ্চিম বামনিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- এমন অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী ও শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, সকাল সাড়ে নয়টার দিকে প্রথম শ্রেণির ওই দুই ছাত্রী বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক ছাড়া অন্য কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। আব্দুর রাজ্জাক এক শিক্ষার্থীকে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কেঁদে ফেললে তাকে ছেড়ে দেন। শিশুটি ভয়ে বিদ্যালয়ে থেকে পালিয়ে একটি দোকানের পাটাতনের নিচে আশ্রয় নেয়। এর কিছু সময় পর রাজ্জাক অন্য শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটি চিৎকার করলে প্রধান শিক্ষক তাকে ছেড়ে দেন।
শিশু দুটির কান্নায় বিষয়টি জানাজানি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। তখন শিশু দুটির অভিভাবক ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে ছুটে আসেন। পরিস্থিতি খারাপ দেখে প্রধান শিক্ষক পালিয়ে যান।

খবর পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে ছুটে যান। তারা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিশু দুটির একজন ঠিকমতো হাঁটতে পারছিল না।
বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, শিশু দুটির চিকিৎসা চলছে। ওই শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমান বলেন, প্রধান শিক্ষক পলাতক। তাঁর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।