নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এইচ এম মাসুদ (৩২) এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। রবিবার বিকেলে তার ফতুল্লার ধর্মগঞ্জের বাসা হতে বের হয়ে ব্যবসার কাজে শিবু মার্কেট এলাকায় গিয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহূত মোবাইল ফোন দু’টিও বন্ধ রয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী এইচ এম মাসুদের বাবা মুক্তিযোদ্ধা একেএম আব্দুল হালিম ফতুল্লা মডেল থানায় জিডি করেছেন।
আব্দুল হালিম জানান, মাসুদ বাড়ির পাশে এন এম ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে রবিবার বিকেলে ফতুল্লার শিবু মার্কেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর সন্ধ্যা হয়ে আসলেও সে বাসায় ফিরে আসছেনা দেখে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করি। রাত ৭টা ৩০ মিনিট পর্যন্ত তার ব্যবহূত মোবাইল ফোন দু’টি খোলা থাকলেও কল রিসিভ করছিল না। পরে সেল ফোনগুলো বন্ধ হয়ে গেলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করি। হদিস না পেয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি (যার নং-১০৭)।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ব্যবসায়ী নিখোজের বিষয়ে তার পিতা একটি জিডি দায়ের করেছে। আমি বিভিন্ন জায়গায় খোঁজ করে দেখছি।’
প্রসঙ্গ এর আগে আমজাদ হোসেন ও খবির হোসেন নামের দুইজন ব্যবসায়ী নিখোঁজ থাকলেও পরে তাদেরকে উদ্ধার করা হয়েছিল।
