শেষ ষোলতে চোখ রিয়াল-ডর্টমুন্ডের

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ২১:১০
 
দূর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ জায়ান্ট লিভারপুলের মুখোমুখি হচ্ছে। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠেয় খেলাটিতে জয় পেলেই দুই ম্যাচ হাতে রেখেই শেষ ষোলর টিকিট নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ষোলর কাছাকাছি আছে ২০১৩ সালের রানার্স-আপ বরুশিয়া ডর্টমুন্ডও। অতিথি গ্যালাতাসারায়কে হারিয়ে দিতে পারলেই নিশ্চিত হবে দলটির পরের রাউন্ড। এদিকে মঙ্গলবার আছে আর্সেনালেরও খেলা। এমিরেটস স্টেডিয়ামে তারা আতিথ্য দেবে আন্ডারলেখটের। খেলাটিতে জয় পেলে তারাও পেয়ে যাবে নক-আউট পর্বের টিকিট। গত আসরের রানার্স-আপ অ্যাটলেটিকো মাদ্রিদ খেলতে যাবে মালমোর মাঠে। 
সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের জয়রথ ছুটছেই। গত শনিবার রাতে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসা দলটি সব ধরনের প্রতিযোগিতায় গত ১১টি খেলার সবক’টিতেই জয় পেয়েছে।
চলতি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত নিজেদের তিনটি খেলার সবক’টিতেই জয় পাওয়ায় গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে রিয়াল। তবে গ্রুপটিতে মুল লড়াইটা হবে দ্বিতীয়স্থান নিয়ে। কেননা গ্রুপের বাকি তিন দল লুদেগরেতস, লিভারপুল ও বাসেলের পয়েন্ট সমান তিন। এর মধ্যে লুদোগরেতস স্বাগতিক বাসেলের মুখোমুখি হচ্ছে। দল দু’টির প্রথম লেগের লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছিল লুদোগরেতস। বাসেলের মাঠেও সাফল্য ধরে রাখতে পারলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে বুলগেরিয়ান ক্লাবটি।
যদিও পরের রাউন্ডে যেতে লিভারপুলের এখনো যথেষ্ট সুযোগ দেখছেন দলটির কোচ ব্রেন্ডন রজার্স। রিয়ালের মুখোমুখি হওয়ার আগে উত্তর আয়ারল্যান্ডের কোচটি বলেন, ‘গ্রুপ পর্ব উতাড়ানোর জন্য এখনো আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। এটা আমাদের লক্ষ্যও।’ প্রতিপক্ষ রিয়ালের ব্যাপারে কোচ রজার্স বলেন, ‘এই মুহূর্তে পৃথিবীর সেরা একটি দলের বিপক্ষে খেলা বড় একটি চ্যালেঞ্জ। তবে আমরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবো।’
জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পথে গোল বন্যায় ভাসছে রিয়াল। দলটি গত ১১টি খেলায় ৪৬টি গোল পেয়েছে। রিয়াল এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বলে জানালেন মিডফিল্ডার লুকা মড্রিক, ‘আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন। আমরা যেমনটা খেলছি, তাতে আমরা খুশি। অবিশ্বাস্য ফর্মে আছি আমরা। আমরা আরো জয় চাই, আরো বেশি গোল চাই।’
এদিকে, ঘরোয়া লিগে একের পর এক ব্যর্থতায় পয়েন্ট তালিকার নিচের দিকে চলে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে জয়ধারায় আছে বরুশিয়া ডর্টমুন্ড। ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ তিন খেলার সবক’টিতেই জয় পাওয়ায় তাদের পরের রাউন্ড প্রায় নিশ্চিত। নিজেদের মাঠে আজ গ্যালাতাশারায়কে হারিয়ে দিতে পারলেই শেষ ষোলর টিকিট পেয়ে যাবে তারা। নিজেদের মাঠে তার্কিশ লিগের দলটির বিপক্ষে জয় প্রত্যাশা করতে পারে ডর্টমুন্ড। কেননা গ্যালাতাশারায়ের মাঠে প্রথম লেগে খেলতে গিয়ে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছিল বুন্দেশলিগার দলটি। একই গ্রুপের অপর দল আর্সেনালের সামনেও আজ শেষ ষোলর টিকিট পাওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে অতিথি আন্ডারলেখটকে হারাতে হবে আর্সেন ওয়েঙ্গারের দলটিকে।
এএফপি/সুপার স্পোর্টস।