আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে গঠিত মুদগাল কমিশন সুপ্রীম কোর্টে তাদের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। ১০ নভেম্বর এই রিপোর্ট আদালতে তুলে ধরা হবে। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে এন শ্রীনিবাসনকে পুনরায় নির্বাচনে যেতে হবে কি-না অন্যান্য বিষয়ের সঙ্গে প্রতিবেদনে এ বিষয়টাও উল্লেখ থাকতে পারে।
রাজু রমাচন্দ্রণ নামের তদন্ত কমিটি প্যানেলের এক আইনজীবী বলেন, ‘আমরা সীলযুক্ত খামে করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছি।’ তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি রমাচন্দ্রণ।
তদন্ত কমিটির প্রধানের দায়িত্বে আছেন সাবেক বিচারক মুকুল মুদগাল এবং রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এই কমিটি গত ফেব্রুয়ারিতে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এতে ১৩ জনের নাম উল্লেখ করে তাদের ব্যাপারে অধিকতর তদন্তের কথা বলা হয়েছিল।
তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনেই শ্রীনিবাসনের জামাতা, চেন্নাই সুপার কিংসের প্রধান কর্তা গুরুনাথ মিয়াপ্পনকে আইপিএলে অবৈধ বেটিংয়ের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সত্ত্বাধিকারী ইন্ডিয়ান সিমেন্ট, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শ্রীনিবাসন।
অভিযোগ আমলে নিয়ে এর চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত শ্রীনিবাসনকে বিসিসিআই প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেন আদালত। যদিও আদালতের এই নিষেধাজ্ঞা আইসিসি প্রধানের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে ঠেকাতে পারেনি শ্রীনিবাসনকে।—ক্রিকইনফো।
