গোপনে প্রেমের অভিনয় করে অবৈধ মেলামেশায় গর্ভবতী অতঃপর গ্রাম্য সালিশে বিয়ের ক’মাসের মধ্যে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় ক্ষোভে স্ত্রীকে নির্দয়ভাবে পিটিয়ে কোল থেকে নবজাতককে কেড়ে নিয়ে আছাড় মেরে ফেলে দেয় পাষণ্ড স্বামী হাসিবুল। গুরুতর আহতাবস্থায় পাটগ্রাম হাসপাতালে একদিন চিকিত্সাধীন থাকার পর মৃত্যু হয় নবজাতক শিশু হাবিবা আক্তার হাসির (৩৬ দিন)।
থানায় লিখিত অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কিসামত নিজ্জমা মোল্লারটারী গ্রামের আব্দুল জব্বারের মেয়ে সেলিনা আক্তারকে (১৯) ফুসলিয়ে প্রেমের অভিনয় করে এক বছর ধরে মেলামেশা করে হাসিবুল। একপর্যায়ে সেলিনা গর্ভবতী হলে গ্রাম্য সালিশে উভয়ের সম্মতিতে বিয়ে দেয় গ্রামবাসী। অযত্ন আর অবহেলার কারণে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে বিয়ের ৬/৭ মাসের মধ্যে কন্যা শিশু জন্ম দেয় সেলিনা। ৩১ অক্টোবর স্বামীর বাড়িতে আসামাত্রই হাসিবুল ও তার পরিবারের লোকজন বেধড়ক পেটাতে থাকে সেলিনাকে। এসময় কোল থেকে নবজাতক কন্যা শিশুটিকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে হাসিবুল। প্রতিবেশীরা মা ও শিশুকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সেলিনার ভাই আব্দুল মালেক বাদী হয়ে ১২ জনকে আসামি করে পাটগ্রাম থানায় একটি মামলা করেছেন।
পাটগ্রাম হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার প্রণব কুমার দাস বলেন, থানায় খবর দিলে পুলিশ লাশ নিয়ে যায়। পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান এ ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন।
