বৈশ্বিক ক্রীড়াঙ্গনের অন্যতম বড় পৃষ্ঠপোষক দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স আর ফিফার সঙ্গে আর থাকছে না। তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে । এমিরেটস গত সোমবার এক বিবৃতিতে ফিফার সঙ্গে সম্পর্ক ছেদের বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের পর ফিফার সঙ্গে স্পন্সরশিপ চুক্তি নবায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস। চুক্তি নবায়ন না কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়, ফিফা চুক্তি পূর্ণমূল্যায়নের যে প্রস্তাব দিয়েছে, তা এমিরেটসের প্রত্যাশার সঙ্গে মিলছে না। এ ব্যাপারে ফিফার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমিরেটস এয়ারলাইন্সসহ ছয়টি প্রধান পৃষ্ঠপোষক ফিফাকে গত বছর মোট ১৮ কোটি ডলার দিয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছে ফিফা। বিশ্বকাপের আয়োজনের সত্ত্ব পেতে কাতার ঘুষ দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে অন্যতম বড় পৃষ্ঠপোষক এমিরেটসও সরে যাওয়ার ঘোষণা দেওয়াটা ফিফার জন্য বড় একটি ধাক্কা।
