মামলার কারণে জনপ্রিয়তা বেড়েছে: বদি

আপডেট : ০৪ নভেম্বর ২০১৪, ২১:৩৮
 
 
 
দুককের মামলার কারণে নিজের জনপ্রিয়তা বেড়েছে বলে মন্তব্য করেছেন, দুর্নীতির মামলায় ১৮ দিন কারাভোগ করা কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি। এ জন্য তিনি দুদক চেয়ারম্যান ও সাংবাদিকদের ‘ধন্যবাদ’ জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বদি বলেন, সাংবাদিকদের লেখা প্রতিবেদনের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে। কিন্তু উখিয়া ও টেকনাফ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ তার জন্য যে আন্দোলন করেছে, তাতে প্রমাণিত হয়েছে তিনি এলাকার জনপ্রিয় এমপি। এজন্য তিনি আন্দোলনকারীদের ধন্যবাদ জানান।
সাংবাদিকদের নিয়ে উদ্দেশে তিনি আরো বলেন, আমাকে সারাদেশে ব্যাপকভাবে পরিচয় করে দিয়েছে সাংবাদিকরা। তাই সাংবাদিকদের প্রতি স্যালুট।
উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান চড়ে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
কারাবন্দি হওয়ার খবর গণমাধ্যমে আসায় একে দেশব্যাপী নিজের প্রচার বলেও মনে করছেন ইয়াবা পাচারে সম্পৃক্ততার অভিযোগের মুখে থাকা এই রাজনীতিক।
আগে থেকে অবস্থানরত কয়েক হাজার নেতা-কর্মী ফুল দিয়ে তাকে স্বাগত জানান। তাকে বরণে কয়েকদিন ধরে প্রস্তুতি ছিল সমর্থকদের। হাজার খানেক গাড়ির এক বহর নিয়ে বিমানবন্দরে হাজির হন দলীয় নেতাকর্মীরা।  এজন্য কয়েকশ’ তোরণও নির্মাণ করা হয় সড়কে। বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে উখিয়া- টেকনাফের উদ্দেশে রওনা হন বদি। পথে ১০টির বেশি স্থানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপন করার মামলায় গত ১২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন বদি। আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়। এরপর হাই কোর্ট থেকে জামিন পেলে গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বদিকে মুক্তি দেওয়া হয়।