মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, কাদিরপাড়া গ্রামের প্রসিদ্ধ ব্যবসায়ী প্রতাপ সাহাকে (৫৫) আজ মঙ্গলবার রাত অনুমান ৯টার দিকে নিজ বাড়ির গেটের সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, পার্শ্ববর্তী রাধানগর বাজার থেকে রাতে বাড়ি ফেরার সময় গেটের সামনে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে বুকে ও পিঠে এলোপাথারি কুপিয়ে মারাত্বক জখম করে ফেলে পালিয়ে যায়। এসময় তার আর্তচিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পরেই তিনি মৃত্যু বরণ করেন। তার আকস্মিক এ মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
