বগুড়ায় গাড়ী ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে জামায়াতের ডাকা হরতাল পালিত হচ্ছে। হরতালের নাশকতা এড়াতে পুলিশ বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে।
বুধবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে গোকুলে হরতাল সমর্থকদের ধাওয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানের ভিতরে ঢুকে যায়। এতে ট্রাক চালকসহ দুই জন আহত হন।
এদিকে ছাত্র শিবির শহরের শেরপুর রোডে বিক্ষোভ মিছিল বের করে একটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে। এ সময় পুলিশের টহল গাড়ীকে লক্ষ্য করে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
তাছাড়া শহরের খান্দার, মাটিডালী, সাবগ্রামসহ বিভিন্ন স্থানে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করে জামায়াত সমর্থকরা।
জেলার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে বুধবার সকাল সাতটা পর্যন্ত নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
হরতালে শহরের মধ্যে হালকা যানবাহন চলছে। তবে শহর থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব ও পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি টহলে রয়েছে।
