লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৫:৩০
লক্ষ্মীপুরে মোহন পাটোয়ারী (৩০) নামের যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব  গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে নিহতের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলের পাশের বাড়ীর হারুন হোসেন ও তার স্ত্রী রানী বেগমকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদের ছেড়ে দেয়। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। মোহন একই এলাকার মিয়াজান পাটওয়ারী বাড়ীর হোসেন আহমদ পাটোয়ারীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোহন তার ইজারা নেয়া সুপারি বাগান রাতে পাহারা দিচ্ছিল। এ সময় একদল সন্ত্রাসী মোহনকে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী মোহনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় । ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। মোহনের মাথায় ও পায়ে জখমের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
নিহতের স্ত্রী শাহনাজের অভিযোগ, দীর্ঘদিন ধরে মোহনের সঙ্গে চাচাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু জানান, মোহন ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী।
লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বুধবার সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হত্যাকাণ্ডের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।