পুটখালী সীমান্তে শিশুসহ উদ্ধার ২২ , পাচারকারী আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৬:০৭

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২২ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রাবেয়া খাতুন নামে এক নারী পাচারকারীকে আটক করা হয়েছে।
২৩ বিজিবি পরিচালক লে. কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তের বালুর মাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শিশুসহ ২২ নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। সবাই অবৈধভাবে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে ভারতে যাচ্ছিল। এ সময় তাদের সাথে থাকা দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। এদের মধ্যে ছয় জন নারী, ১১ জন পুরুষ ও ৫ জন শিশু। এদের বাড়ী যশোর, সাতক্ষীরা, বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। আটকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
অপর একটি অভিযানে একই সীমান্ত দিয়ে মুক্তা নামে এক তরুণীকে ভারতে পাচারের সময় রাবেয়া খাতুন নামে এক নারী পাচারকারীকে আটক করে বিজিবি। এ সময় বিজিবি মুক্তাকে উদ্ধার করে। আটক নারী নড়াইল জেলার কালীয়া থানার সিরাজ মোল্লার স্ত্রী। এ ব্যাপারে থানায় পাচার মামলা হয়েছে।