আইসিসির পরীক্ষায় উতরে গেলেন আল-আমিন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৫:৪৬
অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহের তালিকায় থাকা বাংলাদেশি পেসার আল-আমিন আইসিসির পরীক্ষায় উতরে গেছেন। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই তথ্য জানিয়েছে। এর ফলে তিনি আগের মতোই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন।
গত ২০ অক্টোবর চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আল-আমিন। পরীক্ষায় দেখা গেছে আইসিসির নীতি মেনে বোলিং করেছেন তিনি। বল ডেলিভারির সময় তার কনুই ১৫ ডিগ্রি লেভেলের মধ্যেই ছিল। 
সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে গিয়ে তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন অ্যাম্পায়াররা।