ডিএসইতে ৩ দিনে সূচক কমেছে ১৫৬ পয়েন্ট

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৮:৫৭
 
 
 
 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন কার্যদিবস ধরে সূচক কমছে। এ সময়ে সূচক কমেছে ১৫৬ পয়েন্ট। তবে সূচক কমলেও লেনদেন সাত শ কোটি টাকার উপরেই রয়েছে। মাঝে এক দিন কমলেও বুধবার লেনদেন হয়েছে ৭৪৩ কোটি টাকার।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৭ কমে ৫ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২১ কমে ১ হাজার ৮৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ৮০ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৬২ কোটি ৮৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩৯ কমে ১৫ হাজার ৪৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮৪ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডে আবেদন গ্রহণ শুরু হবে আগামী রবিবার থেকে। কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ ৯ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৩ নভেম্বর। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ২২ নভেম্বর পর্যন্ত। কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৫ কোটি টাকা উত্তোলনের জন্য ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে মার্কেট লট। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতের ব্যয় করবে। 

এ দিকে, অক্টোবর মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে ১ কোটি ৫৯ লাখ ৯১ হাজার ৩১৫ টাকা বা ৬ দশমিক ৪১ শতাংশ। তথ্য মতে, অক্টোবর মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ২৩ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ৮৯৫ টাকার, যা সেপ্টেম্বর মাসে ছিল ২৪ কোটি ৯৪ লাখ ৩০ হাজার ২১০ টাকা। অক্টোবর মাসে পুঁজিবাজারে লেনদেন কম হওয়ায় রাজস্ব আদায়ের ওপর প্রভাব পড়েছে। গত মাসে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসইর ১২ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার ৯১ টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের মাসের তুলনায় ২৭ শতাংশ কম। তবে বেড়েছে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায়।