ব্যাংকের ৫ শতাংশের বেশি শেয়ারধারীদের তথ্য জমা দেয়ার নির্দেশ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ১৯:২৬
 
 
 
 
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো ব্যাংকের পাঁচ শতাংশের বেশি শেয়ার রয়েছে, তাদের তথ্য আগামী এক মাসের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বাণিজ্যিক ব্যাংকের মোট শেয়ারের ৫ শতাংশের বেশি রাখতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ক নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়েছে। 
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বাণিজ্যিক ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ৫ শতাংশের ভাগের সমপরিমাণ শেয়ার ধারণ করে আছেন, তাদের নতুন করে অনুমোদন নিতে হবে না। তবে এ ধরনের শেয়ারধারীদের আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত নতুন ছক অনুযায়ী শেয়ার ধারণ সম্পর্কিত তথ্য দিতে হবে। এ দিকে, আইন অনুযায়ী এক ব্যক্তি বা একক পরিবার বা প্রতিষ্ঠান একটি ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার রাখতে পারে। এক পরিবার থেকে দুই জনের বেশি পরিচালনা পর্ষদে থাকতে পারে না।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকে যাদের ৫ শতাংশের বেশি শেয়ার আছে, তারা কী প্রক্রিয়ায় শেয়ার কিনেছেন বা পেয়েছেন (শেয়ারবাজারের মাধ্যমে/প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে/উপহার হিসেবে) তা অনুমোদন নেয়ার সময়  কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। শেয়ার কিনে থাকলে টাকার অঙ্কও উল্লেখ করতে হবে। আবেদন বা তথ্য দেয়ার কাজটি ব্যক্তিগতভাবে করলে হবে না। সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে তাদের আবেদন বা তথ্য পাঠাতে হবে।