হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
বুধবার সকালে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় এক ভ্যানচালক ও এক সবজি বিক্রেতা মারা যান।
এছাড়া মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা জগদীশপুর এলাকায় কাভার্ড ভ্যান চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে বাহুবল উপজেলার গুচ্ছগ্রামের শুকুর আলীর (৫০) ভ্যানে চড়ে শম্ভুপুর গ্রামের সুন্দর আলী (৫০) সবজি নিয়ে দিগাম্বর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেটগামী একটি ট্রাক ভ্যানগাড়িটিকে চাপা দিলে সুন্দর আলী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক শুকুর আলীকে সিলেট নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাইওয়ে থানার এসআই কামাল আহমেদ।
এদিকে, মঙ্গলবার দুপুরে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক জগত দেবনাথ (২০) প্রাণ হারায়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
