সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ৫০ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১২:৫০
জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালের দ্বিতীয় দিনে নাশকতা এড়াতে সাতক্ষীরায় ৩৫ জামায়াত-বিএনপি নেতা-কর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াত নেতা আকছাদ হোসেন, আব্দুস সালাম, আবু হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ শিবিরের সাধারণ সম্পাদক খায়রুল আলম, জামায়াতকর্মী আরিফুল ইসলাম, হযরত আলী, আকতারুজ্জামানসহ মোট ৫০ জন। 
এদিকে, হরতাল সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকে জেলার কোথাও জামায়াত-শিবিরের মিছিল, মিটিং ও সমাবেশ করার খবর পাওয়া যায়নি। হরতালে জেলার অভ্যন্তরীণ সকল সড়কে যাত্রীবাহী বাস চলাচল করছে। তবে, সকাল থেকে দূরপাল্লার সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে দোকান-পাট, অফিস-আদালত ও ব্যাংক-বীমা খোলা শুরু হয়েছে। হরতালে ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নাশকতা এড়াতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। 
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে নাশকতা ও সহিংসতা সৃষ্টিসহ একাধিক অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।