সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে চোরাচালানিদের হামলায় বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে ।
বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সুবেদার নজরুল তার সহকর্মী সিপাহী বেল্লালকে নিয়ে মোটরসাইকেলে সীমান্তের লক্ষীদাঁড়ি বেড়িবাঁধে টহল দিচ্ছিলেন। এ সময় কয়েকজন চোরাচালানি তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন । এ ঘটনায় পলাশ ও রনি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।
বিজিবির ৩৮ ব্যাটেলিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি সুবেদার নজরুল নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তবে এর কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি ।
সদর থানা পুলিশ জানায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে ।
