বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৩:৫৮
 
বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বেলা ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম ছাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিয়াজ উদ্দিন (৬২) বগুড়া সদরের নামুজা বগারপাড়া গ্রামের বাসিন্দা।
একই মামলায় অভিযুক্ত অপর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেছে বিচারিক আদালত।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ১৯৯৭ সালের ১৯ এপ্রিল সকালে রিয়াজ উদ্দিন তার স্ত্রী পিয়ারা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিহতের মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার চালায়। এ ঘটনায় পিয়ারার বড় ভাই মমতাজ উদ্দিন বাদী হয়ে রিয়াজ উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চারমাস তদন্ত শেষে  একই বছরের ১৯ আগষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির রিয়াজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেই সাথে অভিযুক্ত অপর পাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য আদালতে আবেদন  করেন। কিন্তু  মামলার বাদী আদালতে অপর পাঁচ আসামিকে অব্যাহতি প্রদানের বিরোধিতা করে বিচারিক আদালতে নারাজি আবেদন করলে শুনানি শেষে আদালত বাদীর আবেদন মঞ্জুর করেন এবং অব্যাহতিপ্রাপ্ত আসামিদেরকে মামলায় অর্ন্তভুক্ত করার আদেশ দেন।
পরবর্তীতে মামলাটি বিচারের জন্য বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি তিতু হোসেন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বিনয় কুমার রজত এবং এএকএম ফজলুল হক।