কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই ফিরোজকে গুলি করে তার পিস্তল ছিনিয়ে নিয়েছে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার জিরা সুমনসহ ৪ সদস্যের একটি শীর্ষ ছিনতাইকারীচক্র।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই ফিরোজকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে নগরীর ঝাউতলা এলাকায় ব্র্যাক ব্যাংকের বিপরীতের একটি গলিতে এসআই ফিরোজকে লক্ষ্য করে গুলি ছুড়ে নগরীর তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী জিরা সুমন। গুলিটি এসআই ফিরোজের মাথায় লাগে। এসময় এসআই ফিরোজকে এলোপাতারি ছুরিকাঘাত করে তার সাথে থাকা একটি পিস্তল ছিনিয়ে নিয়ে জিরা সুমনসহ ৪ ছিনতাইকারী পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ এসআই ফিরোজকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় পার্শ্ববর্তী একটি প্রাইভেট হাসপাতালে (মুন হসপিটাল) নিয়ে ভর্তি করে। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই হাসপাতালে তার অপারেশন চলছিল। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে পুলিশ।
ডিবি’র ওসি মনিরুল ইসলাম পিপিএম জানান, উন্নত চিকিৎসার জন্য এসআই ফিরোজকে ঢাকায় প্রেরণ করা হবে এবং ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
