জেলা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্ত এলাকায় বৃহস্পতিবার দুুপরে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ- এর পিটুনিতে লিটন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। জহুরপুর বেলপাড়া গ্রামের আনারুলের ছেলে সে।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মো. বজলুল হক জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লিটন নোম্যান্স ল্যান্ড এলাকায় ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় সেখান থেকে ভারতের ২০ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্পের সদস্যরা লিটনকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে নোম্যান্সল্যন্ডে ফেলে যায়। দুপুর দেড়টার দিকে লিটন মারা যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা নিহত লিটনকে উদ্ধার করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফ-এর কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
