চালকের আসনে বাংলাদেশ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৪, ১০:০২



শেষ দিনে গড়ালো খুলনা টেস্ট। কিন্তু এখনো স্পষ্ট নয়- ম্যাচটির ফলাফল কি হতে চলেছে- হারজিত নাকি ড্র? তবে একটি বিষয় মোটামুটি নিশ্চিত যে, মুশফিকদের পরাজয়ের আশঙ্কা নেই বললেই চলে। চতুর্থ দিনের খেলা শেষে ২৬৬ রানের লিড নিয়ে চালকের আসনে বসেছে বাংলাদেশ। হাতে আছে আরও পাঁচ উইকেট।

 

IMG0

IMG1


তৃতীয় দিনে বাংলাদেশের জন্য বিষফোড়া হয়ে ওঠা মাসাকাদজা চতুর্থ দিনে বেশি দূর আগাতে পারলেন না। প্রিয় শিকারকে বোল্ড আউট করে বিদায় দেন সাকিব আল হাসান। ১৫৪ রান নিয়ে খেলতে নামা মাসাকাদজা আজ মাত্র চার রান নিজের স্কোরে যোগ করতে সক্ষম হন। পাঁচ উইকেটে ৩৩১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা জিম্বাবুয়ের খেলোয়াড়রা দলের স্কোরে আজ মাত্র ৩৭ রান যোগ করতে সক্ষম হন। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ডের অংশীদার হয়েছেন সাকিব আল হাসান। সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে সোবার্স, বোথামের মতো কিংবদন্তীদের পাশে নাম লেখালেন তিনি।

 

IMG2


পরে ৬৫ রানের লিড নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটাও খুব একটা ভালো হয়নি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল আজ ২০ রানেই সাজঘরের পথ ধরেন। দলীয় রান তখন ২৮। তবে দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুল ও শামসুর রহমান দলকে বেশ খানিকটা এগিয়ে নেন। দলীয় ৭৫ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রান করে ওয়ালারের শিকার হন শামসুর রহমান। ১৩১ রানের মাথায় ওয়ালারের দ্বিতীয় শিকারে পরিণত হন মুমিনুল। এরপর ১৪৫ রানের মাথায় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভাগত হোমের দৃঢ়তায় সুবিধাজনক অবস্থানে থেকেই দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।