সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার শেয়ারবাজারের সূচকে মিশ্রভাব দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক কিছুটা বাড়লেও কমেছে ব্লুচিপ শেয়ারের মূল্যসূচক। একই প্রবণতা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। তবে উভয় স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বাড়লেও কমে গেছে লেনদেনের পরিমাণ। এ দিকে, লেনদেনের প্রায় ৫২ শতাংশ হয়েছে ইঞ্জিনিয়ারিং, জ্বালানি ও ফার্মাসিউটিক্যালস খাত ঘিরে। দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আর খাত হিসেবে দাম বেড়েছে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর। এ খাতের প্রতিষ্ঠানগুলোর দাম বেড়েছে ১ দশমিক ৯০ শতাংশ।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭ বেড়ে ৫ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৫ কমে ১ হাজার ৮৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২০ কোটি ১৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১২৩ কোটি ৬২ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২০ বেড়ে ১৫ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬৪ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) রাইট শেয়ারের অর্থ সংগ্রহ শুরু হবে আগামী রবিবার থেকে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। কোম্পানিটি প্রতি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছেড়ে ৩ শেয়ারবাজার থেকে ৩৩ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৮১০ টাকা উত্তোলন করবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর্থিক খাতের কোম্পানির পরিশোধিত মূল্য ১০০ কোটি টাকায় উন্নীত করা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালনে রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয় বিআইএফসি।
