সিরাজগঞ্জে গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) পাঁচ সদস্যের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা প্রত্যেকের তিনদিন করে দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরা হলেন—জেএমবির প্রধান সমন্বায়ক আব্দুর নুর, এহসার সদস্য নুরুজ্জামান আরিফ, নুর ইসলাম সাগর, জেএমবির গায়েবে এসহার সদস্য আবুল কালাম আজাদ এবং ফারুক আহম্মেদ।
গত ৩১ অক্টোবর শুক্রবার রাতে র্যাব-১২ বঙ্গবন্ধ ুযমুনা সেতু পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী রেল স্টেশন থেকে জেএমবির ঐ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯টি প্রাইমারী ডোটোনেটর, ৪৫টি বোতাম টাইম সার্কিট, ১০ কেজি পাওয়ার জেল, বিভিন্ন প্রকার ১৫৫টি সার্কিটসহ বিপুল পরিমাণ জিহাদী বই ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘনটায় র্যাব-১২ এর অপরাধ দমন বিশেষ শাখার উপসহকারী পরিচালক (ডিএডি) রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় দুটি মামলা দায়ের করেন। এই মামলায় গত শনিবার আসামীদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানির জন্য ৬ নভেম্বর বৃহস্পতিবার দিন ধার্য করেন। সকালে রিমান্ড শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় গ্রেফতারকৃতরা আদালতে উপস্থিতি ছিলেন।
