৩ মাসে কৃষি ঋণ বিতরণ কমেছে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৯:১৯
 
 
 
 
চলতি অর্থবছরের (২০১৪-১৫) প্রথম তিন মাসে ব্যাংকগুলো কৃষি খাতে দুই হাজার ৭৫০ কোটি ৪১ লাখ টাকার ঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ১৭ দশমিক ৬৯ শতাংশ। এর আগের বছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল দুই হাজার ৮৬১ কোটি ৫৮ লাখ টাকা বা লক্ষ্যমাত্রার ১৯ দশমিক ৬১ শতাংশ। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কৃষিতে ঋণ বিতরণ কম হয়েছে ১১১ কোটি ১৭ লাখ টাকা বা ৩ দশমিক ৮৮ শতাংশ। যদিও অর্থবছরের প্রথম দুই মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩০ কোটি টাকা বা ৮ দশমিক ১৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করা হয়েছিল। আলোচ্য সময়ে বেসরকারি ও বিদেশি খাতের ৭টি ব্যাংক কৃষি খাতে কোনো ঋণ বিতরণই করেনি।
কৃষি খাতে ঋণ বিতরণ না করার তালিকায় রয়েছে— নতুন অনুমোদন পাওয়া ফার্মারস ও এনআরবি ব্যাংক। এ ছাড়া বিদেশি মালিকানার ব্যাংক আল-ফালাহ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এ সব ব্যাংক এ খাতে এক টাকাও ঋণ দেয়নি গত তিন মাসে। অন্য দিকে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ১৬০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র এক কোটি এক লাখ টাকা বিতরণ করেছে বেসরকারি সিটি ব্যাংক। যমুনা ব্যাংক ১২১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এক কোটি ৪৪ লাখ টাকা বিতরণ দেখিয়েছে। আর রাষ্ট্রীয় মালিকানার রূপালী ব্যাংক ১৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ করেছে মাত্র পাঁচ কোটি ৯৯ লাখ টাকা।
চলতি অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ও বিশোষিত ব্যাংকগুলোর জন্য নয় হাজার ১৪০ কোটি টাকা বিতরণ লক্ষ্যমাত্রা রয়েছে। এ সময় তারা বিতরণ করেছে এক হাজার ৪০৪ কোটি ৪৯ লাখ টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ১৫ দশমিক ৩৭ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে তারা লক্ষ্যমাত্রার ১৯ দশমিক ৩৩ শতাংশ ঋণ বিতরণ করেছিল। বেসরকারি ও বিদেশি মালিকানার ব্যাংকগুলোর জন্য চলতি অর্থবছরে নির্ধারিত ৬ হাজার ৪১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম তিন মাসে তারা দিয়েছে এক হাজার ৩৪৫ কোটি ৯২ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ২১ শতাংশ।

এর আগে, ২০১৩-১৪ অর্থবছর কৃষি খাতে ব্যাংকগুলো মোট ১৬ হাজার ৩৭ কোটি টাকা বিতরণ করেছিল, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এক হাজার ৪৪২ কোটি টাকা বা প্রায় ১০ শতাংশ বেশি। আগের অর্থবছর ১৪ হাজার ১৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকগুলো ১৪ হাজার ৬৬৭ কোটি টাকা বিতরণ করেছিল, যা ছিল নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় চার শতাংশ বেশি। এ সব বিবেচনায় চলতি অর্থবছর ব্যাংকগুলোর জন্য আগের অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৫৪ শতাংশ বেশি তথা ১৫ হাজার ৫৫০ কোটি টাকা ঋণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।