সাত সপ্তাহের ব্যবধানে আবারো কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে মানভেদে ৯৯১ টাকা থেকে এক হাজার ২০২ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস।
সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সনাতনী পদ্ধতির স্বর্ণে আগের চেয়ে ৯৯১ টাকা কমেছে। আর অন্যান্য মানের স্বর্ণে এক হাজার ২০২ টাকা কমেছে।
নতুন মূল্য অনুযায়ী শুক্রবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৪ হাজার ৫২১ টাকা দরে। গত সেপ্টেম্বরের ১৬ তারিখ থেকে গতকাল পর্যন্ত এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৪৫ হাজার ৭২৩ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৩ হাজার ৬২৩ টাকার বদলে ৪২ হাজার ৪২১ টাকা করে বিক্রি হবে।
১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৫ হাজার ৭৭৩ টাকায়। গতকাল পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৩৬ হাজার ৯৭৫ টাকা।
আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২৫ হাজার ৭৭ টাকার বদলে এখন তা ২৪ হাজার ৮৬ টাকায় বিক্রি হবে। এদিকে স্বর্ণের পাশাপাশি আজ থেকে কমছে রুপার দামও।
বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ১০৮ টাকা। আজ থেকে তা বিক্রি হবে এক হাজার ৫০ টাকায়। অর্থাত্ প্রতি ভরিতে রুপার দাম কমেছে ৫৮ টাকা।
