পুনরায় ক্রিকেটে ফেরার আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। কেবলমাত্র ক্রিকেটে ফেরা নয় উন্নত বোলিং অ্যাকশনে আরো ধারালো হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার লাহোরস্থ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) আজমল সাংবাদিকদের বলেছেন, তাকে ‘উন্নত পরীক্ষা’ দিতে হয়েছে এবং ক্রিকেটে ফেরা নিশ্চিত করতে নিজের বোলিং অ্যাকশন উন্নতি করার লক্ষ্যে কাজ করতে হয়েছে। নিজের অ্যাকশনে ইতিবাচক ফল পাওয়ার আশা প্রকাশ করে বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার বলেন, তার অনুশীলন সূচি আন্তর্জাতিক মানের সঙ্গে মানানসই।
দলের বাইরে থাকা আজমল বলেন, অস্ট্রেলিয়ানদের বিপক্ষে বাঁ-হাতি জুলফিকার বাবর ক্লাসিক্যাল স্পিন বোলিংয়ের অসাধারণ প্রদর্শনী দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূণর্ কয়েকটি উইকেট নেয়ায় তিনি পেসার ইমরান খানেরও প্রশংসা করেন। অবৈধ বোলিং এ্যাকশনের কারণে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন ওয়ানডে ক্রিকেটে বিশ্বের শীর্ষ বোলার আজমল।
