কুমিল্লার সদর উপজেলার বারপাড়া এলাকায় দিনে-দুপুরে অস্ত্রের মুখে ইউসুফ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী ইউসুফ জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছফুয়া নোয়াপুর গ্রামের আবদুল বারীর পুত্র।
জানা যায়, ব্যবসায়ী ইউসুফ (৪৮)বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে সিএনজি অটোরিক্সাযোগে চৌদ্দগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় পৌঁছুলে একটি মোটর সাইকেলযোগে ৩ ছিনতাইকারী অস্ত্রের মুখে সিএনজি অটোরিক্সার গতিরোধ করে দাঁড়ায়। ব্যবসায়ী ইউসুফ জানান, এ সময় ১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাকা উদ্ধারসহ ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
