গোপালগঞ্জে এক মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অবসরপ্রাপ্ত সহকারী সচিব এম.এ সবুরকে (৭০) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার এস.আই আব্দুস সোবাহান জানান, বৃহস্পতিবার সকালে গোবরা মাদ্রাসার ছাত্র চর-পাথালিয়া গ্রামের মনির মোল্লার ছেলে আলী মোল্লা (২২) তাদের মাদ্রাসার ওয়াজ মাহফিলের জন্য কয়েকজন সহপাঠীকে নিয়ে পাথালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সহকারী সচিব এম.এ সবুরের বাড়িতে বাঁশ আনতে যায়। বাঁশ নিয়ে সবুরের সাথে ছাত্রদের বাক-বিতন্ডা হয়। বিষয়টি নিয়ে সকাল ১১টার দিকে ঐ মাদ্রাসার সাবেক তত্ত্বাবধায়ক শওকত মোল্লা এম.এ সবুরকে মাদ্রাসায় ডেকে আনেন। কথাবার্তার এক পর্যায়ে আলী মোল্লা কুড়াল দিয়ে সবুরের মাথায় আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হন। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে বিকেল ৪ টার তিনি মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
