গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে বিয়ে করতে এসে বর এখন শ্রীঘরে সাজা ভোগ করছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গংগা নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। হজরত আলী (২১) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার গংগা নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মোছা. রহিমা খাতুনের সঙ্গে হজরত আলীর বিয়ের প্রস্তুতি পর্ব চলছিল। রীতিমত কাজী ও মৌলভী সেখানে উপস্থিত। এক লাখ ২০ হাজার টাকা দেন মোহরানাও নির্ধারণ সম্পন্ন। এখন শুধু বিয়ে নিবন্ধন ও কবুল বলা বাকী। ঠিক এ মুহূর্তে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আহসান হাবিব পুলিশসহ বিয়ে বাড়িতে এসে উপস্থিত হন। এ সময় বর ও কনের বাবা দু’জনেই বিয়ে বাড়ি ত্যাগ করে গা ঢাকা দেয়। পুলিশ এ সময় বরকে আটক করে থানায় নিয়ে যায়। রাত সাড়ে নয়টায় ভ্রাম্যমান আদালত হযরত আলীকে দণ্ড হিসেবে শ্রীঘরে পাঠানোর আদেশ দেয়।
শুক্রবার দুপুরে বর মো. হজরত আলীকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
