কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলায় শুক্রবার অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কেন্দ্রগুলোতে সাড়ে ৩ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপর দিকে মাদ্রাসা বোর্ডের আওতাধীন জেডিসি পরীক্ষায় কুমিল্লা জেলার ১৬ উপজেলায় ৩১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শিহাব উদ্দিন আহমেদ জানান, শুক্রবার বোর্ডের অধীন ৬ জেলায় ২ লাখ ১৫ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ১২ হাজার ১১১ জন অংশ নেয়। এর মধ্যে কুমিল্লা জেলায় ১ হাজার ১৮১ জন, চাঁদপুরে ৫০৫ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় ৮৬৪ জন, নোয়াখালীতে ৫৩৮ জন, ফেনীতে ২১২ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২৪২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
