আল-কায়েদা নেতা বিজ্ঞাপনের মডেল!

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ০১:১৪

সাধারণত কোনো গ্ল্যামারাস পুরুষ বা নারীকে বিজ্ঞাপনের মডেল হিসেবে নির্বাচন করে বিভিন্ন পণ্য উত্পাদন প্রতিষ্ঠান। কিন্তু তুরস্কের একটি হেয়ার রিমুভার কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপনে ব্যবহার করেছেন কুখ্যাত আল-কায়েদা নেতা খালিদ মোহাম্মদ শেখের ছবি! বিশালদেহী এই জঙ্গিনেতার লোমশ চেহারার পাশে হেয়ার রিমুভারের ছবি দিয়ে স্থিরচিত্র বিজ্ঞাপন তৈরী করে ভীষণ বিপদে পড়ে গেছে এপিলা নামের ওই কোম্পানি। ২০০৩ সালে মার্কিন বাহিনীর হাতে আটক হয়েছিলেন খালিদ। তখন থেকে তিনি গুয়ানতানামো কারাগারে বন্দি আছেন। যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে বিমান হামলার ষড়যন্ত্রের মামলার আসামিও তিনি। তাকে মডেল বানিয়ে বিজ্ঞাপনটির প্রচার শুরু হতেই পুলিশ হানা দিয়েছে কোম্পানির অফিসে।

এপিলা কর্তৃপক্ষ গতকাল গতকাল দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়ে বলেছে, লোকটা যে আল-কায়েদার সন্ত্রাসী তা আমাদের জানা ছিল না। লোকটার সারা গা ঘন লোমে ঢাকা। তাই আমরা মনে করেছিলাম তাকে বিজ্ঞাপনের মডেল বানালে পণ্যের বিক্রি হু হু করে বেড়ে যাবে। এভাবে বিপদে পড়ে যাব বুঝতে পারিনি। -রয়টার্স