ফেনীতে বৃহস্পতিবার রাতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবলীগের দুই কর্মী আহত হয়েছেন। সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা বাজারের পাশে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তবে আওয়ামী লীগের দাবি, প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছোড়া ককটেল বিস্ফোরণে ওই দুজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে লক্ষ্মীয়ারা বাজারের পাশে একটি পরিত্যক্ত ঘরে বসে তিন-চারজন যুবক ককটেল তৈরি করছিলেন। একপর্যায়ে বিকট শব্দে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে এ বি এম সুমন (২৮) ও রিয়াজ উদ্দিন (২৫) নামের দুজনের শরীর ঝলসে যায়। এ সময় অপর সহযোগীরা তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, আহত দুজনই যুবলীগের কর্মী এবং তারা ককটেল তৈরি করছিলেন।
